কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার—স্বামী পলাতক

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে বুধবার (৩০ নভেম্বর) নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. মোখলেছুর রহমান পলাতক রয়েছেন।

নিহত মোছা. শাহেরা বেগম (৩৫) ওই ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে।

বুধবার সন্ধার পর গৃহবধূর ছেলে শামীম কাজ শেষে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা ভেঙ্গে তাঁর মাকে বিছানায় গলাকাটা অবস্থায় দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নিহত শাহেরা বেগম ও তাঁর স্বামী মোখলেছুর রহমানের সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা তাদের।

নিহত শাহেরা বেগমের মায়ের দাবি, 'পারিবারিক কলহের জেরে শাহেরার স্বামী তাঁকে গলাকেটে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়েছে। খবর শুনে এসে মেয়ের গলাকাটা লাশ দেখতে পাই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই’।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে’।

তিনি আরও জানান, এ ঘটনার তদন্ত চলছে এবং জড়িতকে দ্রুত আইনের আওতায় আনা হবে।