নাইজেরিয়ার পুলিশ বলছে যে, শনিবার তারা উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে একটি মসজিদ থেকে বন্দুকধারীদের দ্বারা অপহৃত ৪ জনকে উদ্ধার করেছে এবং এখনও নিখোঁজ থাকা অন্তত ১৩ জনকে খুঁজছে।
সোমবার কাতসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেছেন, মসজিদে হামলায় এখনো নিখোঁজ মুসল্লিদের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক পুরুষ।
তিনি বলেন, শনিবার রাতে আবুজার ছয় ঘণ্টা উত্তরে ফুনতুয়ার মসজিদে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা হামলা চালায়। মুসল্লিরা সেখানে তখন নামাজ পড়ছিল। হামলাকারীরা ইমাম এবং অন্য একজনকে গুলি করে।
ইসাহ ভয়েস অফ আমেরিকাকে বলেন, দুজন বেঁচে গেছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, “সেদিন মুসল্লিরা এশার নামাজ পড়ছিলেন।” তিনি আরও বলেন, “আমাদের পুলিশ বাহিনী সেখানে পৌঁছানোর আগেই কয়েকজন মুসল্লিকে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে। কিন্তু পুলিশ এবং প্রহরারতদের সম্মিলিত প্রচেষ্টায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমরা প্রায় ১৩ জন উপাসককে খুঁজছি।”
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
উত্তর নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ সহিংসতার ঘটনার মধ্যে এটি সর্বসাম্প্রতিকতম। কর্তৃপক্ষ এ ধরনের হামলা থামাতে লড়াই করছে।
হামলার ফলে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকারের ওপর তার উত্তরাধিকারী নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তার আগেই নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য চাপ বেড়েছে।
সোমবার নাইজেরিয়ার জাতীয় পুলিশ আবুজা-কাদুনা রেল লাইন পুনরায় উদ্বোধনের জন্য ব্যাপক নিরাপত্তা মোতায়েন করেছে।
এ বছরের ২৮ মার্চ রাতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৯ জন যাত্রীকে হত্যা এবং ৬২ জনকে অপহরণ করার পর ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল।