ভারতে এক বছর কারাভোগ শেষে স্বদেশে ফিরলেন ৭ বাংলাদেশি

৭ বাংলাদেশি

অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার এক বছর পর, স্বদেশে ফিরে আসলেন বাংলাদেশের সাত নাগরিক। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন; মুন্না খান (৫৩) আরিফুল ইসলাম (১৯), তোফায়েল আহম্মেদ (৩৪), হুমায়ুন কবির (২৮) আরিফুল হক (৩০), আল আমীন (৩০), মোকসেদ আলী (৩৩)। এদের বাড়ি বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, নরসিংদী ও ময়মনসিংহ জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “তারা বিভিন্ন সীমান্ত দিয়ে এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে চেন্নাই পুলিশের হাতে আটক হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগ শেষে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হাস্তান্তর করে।”

পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান যে ইমিগ্রেশন পুলিশ ভারত থেকে ফেরত পাঠানো সাত বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। কিছু দাপ্তরিক কাজ শেষে বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার-এর কাছে তাদের তুলে দেওয়া হবে।

জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ঐ ব্যক্তিদের তারা স্বজনদের কাছে তুলে দেবেন।