বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: আক্রান্ত ২২০, মোট মৃত্যু-সংখ্যা বেড়ে ২৬৭ জন

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৭জনের মৃত্যু হয়েছে। আর, গত ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ২২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১০৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১২ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৪৮০ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০হাজার ৭৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৩৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৯ হাজার ৪৮১ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৭ হাজার ৬৫২ জন ঢাকার এবং বাকি ২১ হাজার ৮২৯ জন ঢাকার বাইরের বাসিন্দা।