একাত্তরে বুদ্ধিজীবী হত্যার নেপথ্যে থাকা জামায়াত বিএনপির প্রধান সহযোগী—তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, একাত্তরে জামায়াতে ইসলামীর সশস্ত্র সংগঠন আল-বদরের নেতৃত্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল। তাদের নেতারাই এখন বিএনপির প্রধান সহযোগী। বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের অনেকেই বিএনপির নেতা’।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানী ঢাকার রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'একাত্তরের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার প্রক্রিয়াটা শুরু হয়। সাংবাদিক শহীদ সিরাজ উদ্দিন হোসেনসহ অনেককে ধরে নিয়ে যাওয়া হয়। আমরা আরও লক্ষ্য করেছি, সেদিনই বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ঢাকায় সমাবেশ ডেকেছে, যেটি অত্যন্ত দুঃখজনক। আসলে তাদের যে পাকিস্তানের প্রতি অনুরক্তি সেগুলোই বারবার প্রকাশ পাচ্ছে’।

হাছান মাহমুদ বলেন, 'যারা স্বাধীনতাবিরোধী ছিল, যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত, দেশটাই যারা চায়নি, তারা এ দেশে রাজনীতি করে, তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়। স্বাধীনতার ৫১ বছর পর এটি আসলে সমীচীন নয়। কিন্তু এই অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক ও লালন-পালনকারী হচ্ছে বিএনপি ও এর নেতৃবৃন্দ’।