ইউক্রেনের কর্মকর্তারা বুধবার বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ড্রোনের আঘাতে দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো মধ্য কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় বিস্ফোরণের খবর দিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ১৩টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার একই ধরনের ড্রোন ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়েছে।
ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট করে বলে, “কিয়েভে আরেকটি বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে, রাশিয়ার সামরিক বাহিনী কেবল শান্তিপূর্ণ শহরগুলিতে আক্রমণ করার সময় আত্মবিশ্বাসী বোধ করে।"
ইউক্রেনে যুদ্ধে রাশিয়া যে ড্রোন ব্যবহার করছে তা নির্মাণ ও সরবরাহে ভূমিকা রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্স ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেয়া।