হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণে বাংলাদেশ—আবহাওয়া শুষ্ক

বাংলাদেশে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। অন্যদিকে সারা দেশের আবহাওয়া ছিল শুষ্ক।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহী ও চুয়াডাঙ্গায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা ঘনীভূত হতে পারে।

আগামীকাল শুক্রবার থেকে বাংলা বর্ষপঞ্জির দশম মাস ‘পৌষ’ শুরু হতে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশা দেখতে পান ঢাকা নগরবাসী।

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শপিংমল, ফুটপাথ ও দোকানপাটগুলোতে গরম কাপড় কিনতে মানুষের ভিড় বেড়েছে।