যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন—জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, মায়ের ডাকের সমন্বয়কের বাসা থেকে ফেরার পর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাষ্ট্রদূত পিটার হাস বুধবার জরুরিভিত্তিতে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেছেন বলে জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস জরুরিভিত্তিতে আমার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, তিনি এক বাসায় গিয়েছিলেন, সেখানে অনেক লোক ছিল, বাসার বাইরেও অনেক লোক ছিল। তারা ওনাকে কিছু একটা বলতে চাচ্ছে। এ সময় তাঁর সিকিউরিটির লোকেরা ওনাকে বলেছে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কারণ ওরা আপনার গাড়ি ব্লক করে দেবে। সেই নিরাপত্তা অনিশ্চয়তায় তিনি তাড়াতাড়ি চলে আসেন। এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন’।

আব্দুল মোমেন বলেন, ‘এই অবস্থা জেনে তাকে বলেছি, আপনার নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের’।

আব্দুল মোমেন জানান, পিটার হাস ও তাঁর লোকদের ওপর কেউ আক্রমণ করেছে কি না তা জানতে চাইলে জবাবে রাষ্ট্রদূত হাস বলেছেন, ‘না হামলা হয়নি। তবে গাড়িতে হয়তো দাগ লেগেছে’। তাও সেটি নিশ্চিত নয়।

আব্দুল মোমেন বলেন, ‘আমি তাঁকে (রাষ্ট্রদূত) আবারও আশ্বস্থ করে বলেছি, আমরা আপনাকে ও আপনার লোকদের নিরাপত্তা দেব। আপনি অধিকতর নিরাপত্তা চাইলে আমরা দেব। তবে আপনি ওখানে গেছেন এই খবরটা কে প্রচার করলেন? আমি তো জানি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাননি। আমরা কিছুই জানি না। আপনি যাবেন আপনি এই তথ্য উল্লেখ করল কে?’

আব্দুল মোমেন জানান, তিনি রাষ্ট্রদূতকে আরও বলেছেন যে, ‘আপনি ওখানে গেছেন এটা কেমন করে প্রচার হলো। আপনি এটা বের করেন। আপনার লোকেই তো প্রকাশ করতে পারে’।

রাষ্ট্রদূত হাস একটু দুশ্চিন্তায় আছেন বলেও আব্দুল মোমেন জানান।

নিরাপত্তা দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত হাসকে আব্দুল মোমেন বলেন, ‘আপনি যদি চান আমি তাদের ১০ ফুট বা ১৫ ফুট দূরে রাখতে পারি। কিন্তু আমি তাদের কোথাও বাধা দিতে পারব না। আর ওখানে যে লোকজন গেছে সে লোকজনকেও বাধা দিতে পারব না। আপনার নিরাপত্তার জন্য আমরা তাদের দূরে রাখব। আপনি জানেন এটি বাকস্বাধীনতার দেশ। তারা তাদের বক্তব্য দেবে, কর্মসূচি করবে আমি তাদের গ্রেপ্তার করতে পারব না। আর যদি আপনি বা আপনার লোকের ওপর কোনো আক্রমণ হয়ে থাকে, জনগণের জানমাল ধ্বংস করে থাকে আমি তাকে গ্রেপ্তার করতে পারব। এ ছাড়া আমি তাদের কিছু করতে পারব না। তবে আপনার নিরাপত্তা আমরা দেব’।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘অনেক বানানো ও বানোয়াট তথ্য বিভিন্ন মিডিয়াতে আসে, ইউটিউবে আসে, আর বিদেশিরাও ওইসব দেখে ওখান থেকে রিপোর্ট করে ফেলেন’।