ইউক্রেনে রাশিয়ার হামলার পর একবছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার

ইউক্রেনের ক্রিভি রিহ-এ রুশ হামলায় বিধ্বস্ত ভবনটিতে আগুন নেভাতে কাজ করছেন ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের দমকলকর্মীরা, ১৬ ডিসেম্বর ২০২২।

ইউক্রেনের মধ্যাঞ্চলের ক্রিভি রিহ শহরে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর, জরুরি উদ্ধারকর্মীরা একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১ বছর বয়সী এক শিশুর মরদেহ বের করে এনেছে।

ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময়ে চালানো হলো, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সাথে তার বৈঠকগুলো শেষ করছেন।ঐ সব বৈঠকে, ইউক্রেনে আক্রমণ কোন পথে এগোনো উচিৎ বলে কমান্ডাররা মনে করেন, সে বিষয়ে প্রস্তাব চাওয়া হয় বলে ক্রেমলিন জানিয়েছে।

এদিকে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এক হালনাগাদ গোয়েন্দা তথ্যে বলেছে, “সাম্প্রতিক দিনগুলোতে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পেয়েছে।”

ব্রিটিশ মন্ত্রকটি টুইটারে জানায়, “হামলাগুলোতে প্রধানত আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।এছাড়া, প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে হামলাগুলোতে ইরানের সরবরাহ করা মানববিহীন আকাশযানও(বা ইউএভি) ব্যবহৃত হয়েছে।এগুলো রাশিয়ার ক্রাসনোডার অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়।”

ব্রিটিশ মন্ত্রকটি বলে, “এর আগে, ইউএভি-গুলো প্রধানত অধিকৃত ক্রাইমিয়ার বিভিন্ন স্থান থেকে উৎক্ষেপণ করা হতো।সম্ভবত ক্রাইমিয়ার ঝুঁকি নিয়ে রুশ উদ্বেগের কারণে, উৎক্ষেপণের স্থান পরিবর্তন করা হয়েছে। একইসাথে স্থানটি অস্ত্র পুনঃসরবরাহ করার ক্ষেত্রেও সুবিধাজনক বলে এই পরিবর্তন করা হয়েছে।ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো সম্ভবত রাশিয়ার অ্যাস্ট্রাখান থেকে আসে।”

কৌশলগত যোগাযোগ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক, জন কার্বি শুক্রবার এক সাক্ষাৎকারে ভিওএ-কে বলেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা প্রদান করবে।

অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতির ঝুঁকি রয়েছে; রাশিয়ার এমন সতর্কবার্তা যুক্তরাষ্ট্র আমলে নেবে কিনা, এমন প্রশ্ন করা হলে, কার্বি তার জবাবে বলেন, “ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বা অন্য যে কোন দেশ কি নিরাপত্তা সহায়তা প্রদান করবে, তা রাশিয়া নির্ধারণ করে দেবে না।”