বাংলাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু, উদ্দিষ্ট মানুষ ৮০ লাখ

এক ব্যক্তিকে করোনা টিকা দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে টিকার দ্বিতীয় বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর। এসময় তিনি জানান যে প্রাথমিকভাবে চতুর্থ ডোজ-এর জন্য উদ্দিষ্ট মানুষ ৮০ লাখ।

আহমেদুল কবীর বলেন, “টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না। এজন্য সরকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। চার কোটি মানুষ ৪র্থ ডোজ নেওর উপযোগী। আপাতত আমরা ৫টি ক্যাটাগরিতে এই টিকা দেব। এক্ষেত্রে আমাদের উদ্দিষ্ট মানুষ আছে ৮০ লাখ।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ৪৬০ জনকে চতুর্থ ডোজ দেওয়া হয়েছে। আর আজ (২০ ডিসেম্বর) থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হচ্ছে। আমাদের প্রায়োরিটি থাকবে সম্মুখসারীর যোদ্ধা ও গর্ভবতী মায়েরা। আমরা ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে চাই। বাংলাদেশ টিকায় মাইলফলক অর্জন করেছেন, দেশের মানুষ টিকায় আগ্রহী। হাসপাতালে ভর্তি কম, মৃত্যুও কম।”

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, “ইতোমধ্যে আমরা ১৫ কোটি মানুষকে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ সাড়ে ১২ কোটি এবং তৃতীয় ডোজ দিয়েছি সাড়ে ছয় কোটি মানুষকে। এখনও আমাদের কাছে এক কোটি ৩৩ লাখ টিকা আছে।”

তিনি বলেন, “যে পরিমাণ টিকা আছে, এগুলো শেষ হলে আবারও টিকা আসবে। টিকা নিয়ে আমাদের কোন সমস্যা নেই। ১৮ বছরের উর্ধে সাড়ে ১১ কোটি মানুষ আছে। পর্যায়ক্রমে আমরা সবাইকে সেকেন্ড বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) দেব।”