আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী আগামী মার্চ-এ ঢাকা সফর করবেন: আব্দুল মোমেন

আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো

আগামী বছরের মার্চে, বাংলাদেশ সফরে আসতে পারেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানী ঢাকায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর, সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, “ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সফরের সময় নেওয়া হবে। আর্জেন্টিনার পক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে মার্চ-এ তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।”

দুই দেশের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন আব্দুল মোমেন। তিনি আশা প্রকাশ করেন যে এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

এদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বলেছেন যে তার দেশ আগামী বছর পুনরায় ঢাকায় একটি কূটনৈতিক মিশন স্থাপনে কাজ করছে।