১ লক্ষ ৭০ হাজার কোটি ডলারের ব্যয় প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জন্য অপেক্ষা করার সময়ে, সিনেট এর সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার (বামে) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সভাপতি প্যাট্রিক লিহি এবং হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সভাপতি রিপ্রেজেন্টেটিভ রোজা ডিলরো এর সাথে কথা বলছেন, ২১ ডিসেম্বর ২০২২।

যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলারের এক বিশালাকৃতির ব্যয় প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটির মাধ্যমে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের সংস্থাগুলোর অর্থায়ন করা হয়েছে। এছাড়াও সেটির মাধ্যমে ইউক্রেনের জন্য আরেক দফায় সহায়তা প্রদান করা হয়েছে। এর একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন।

প্রস্তাবটি ৪,১৫৫ পাতায় সংকলিত। সেটিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মসূচিগুলোর জন্য ৭৭,২৫০ কোটি ডলার রয়েছে এবং প্রতিরক্ষার জন্য রয়েছে ৮৫,৮০০ কোটি ডলার। বিলটি ফেডারেল সংস্থাগুলোকে এই অর্থবছরের জন্য অর্থায়ন প্রদান করবে। অর্থবছরটি সেপ্টেম্বরের শেষে সমাপ্ত হবে।

বিলটি ৬৮-২৯ ভোটে পাস হয়েছে। এটিকে এখন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এ চূড়ান্ত ভোটের জন্য পাঠানো হবে। এরপর সেটি প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে তা আইনে রূপান্তরিত হবে।

বুধবার সন্ধ্যায় আইনপ্রণেতারা জেলেন্সকির বক্তব্য শোনেন, যেখানে তিনি রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার গুরুত্ব সম্পর্কে বলেন। যুক্তরাষ্ট্রের বিলটিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ও নেটো মিত্রদের সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য ৪,৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কিনা বাইডেনের অনুরোধ করা অর্থের চেয়েও বেশি। এর ফলে এখনও পর্যন্ত মোট সহায়তার পরিমাণ বেড়ে ১০,০০০ কোটি ডলারের চেয়েও বেশি হল।

আইনপ্রণেতা ও নিজেদের বাসায় বসে বক্তব্যটি শুনতে থাকা আমেরিকানদের উদ্দেশ্যে জেলেন্সকি বলেন, “আপনাদের অর্থ কোন দান না। এটি বৈশ্বিক নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য একটি বিনিয়োগ, যা আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে ব্যবহার করি।”