পুলিশের ওপর হামলার অভিযোগ: চাঁদপুরে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১২ বছরে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে ১ লাখ ৭ হাজার। (ছবি- অ্যাডোবে স্টক)

বাংলাদেশের চাঁদপুরে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে, জামায়েত ইসলামীর ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ মিছিল থেকে ১৩ জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে, ছয় জন শিবির কর্মীকে রবিবার (২৫ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, “জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে, ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক ছয় জনকে আদালতে পাঠানো হয়েছে।”

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায়, চাঁদপুর জেলা জামায়াতের কর্মীরা শহরের শপথ চত্বর এলাকা থেকে মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মোড়ে এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জামাত কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়ে। পুলিশ বলছে, মিছিল শেষে জামায়াত ও শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।এ সময় সদর থানার ওসিসহ ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছে।