রাশিয়া বলেছে, তারা দক্ষিণ রাশিয়ার এক বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে

ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের বাখমুতে ভূগর্ভস্থ একটি কমান্ড সেন্টার থেকে একজন ইউক্রেনীয় সৈন্য একটি ড্রোন ফিড দেখছে। (এপি ফটো/লিবকোস)। ২৫ ডিসেম্বর, ২০২২।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে বলেছে, সোমবার রুশ সেনারা ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিমানের ধ্বংসাবশেষ দক্ষিণ রাশিয়ার একটি ঘাঁটিতে গিয়ে পড়ে। এর ফলে ৩ জন নিহত হয়েছে।

মন্ত্রক বলেছে, সোমবার ভোরে ড্রোনটি স্বল্প উচ্চতায় উড়ছিল। এটি রাশিয়ার সারাতোভ অঞ্চলে এঙ্গেলস সামরিক বিমান ঘাঁটির কাছে পৌঁছায়। নিহত ৩ জন রাশিয়ার সেনাকর্মী ছিলেন।

ঘাঁটিটি ইউক্রেনে যুদ্ধের ফ্রন্টলাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে যেখানে রুশ বাহিনী ফেব্রুয়ারিতে আক্রমণ করেছিল সেখানে অবস্থিত।

রাশিয়া বলেছে, ৫ ডিসেম্বর ইউক্রেনের ড্রোন একই ঘাঁটিতে হামলা চালায়।

রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ১-কে বলেছেন, তার দেশ ইউক্রেনের যুদ্ধে জড়িত সমস্ত পক্ষের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকার করেছে।

পুতিন এর আগে বলেন যে, রাশিয়া ইউক্রেনে “সঠিক দিকে” কাজ করছে কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে আলাদা করার চেষ্টা করছে। রাশিয়ার পতনের ষড়যন্ত্রের কথা ওয়াশিংটন অস্বীকার করেছে।

এর আগে রবিবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে তার ঐতিহ্যবাহী বড়দিনের ভাষণ প্রদান করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে “অসংবেদনশীল” বলে অভিহিত করেন এবং সংঘাতের অবসানের আহ্বান জানান।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।