বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সকলকে যথাযথভাবে বিচারকর্ম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, “অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে।”
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সারাদেশের অধস্তন আদালতের জেলা ও দায়রা জজগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধান বিচারপতি এই নির্দেশনা দেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, “আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে।”
তিনি সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দিকে মনোনিবেশ করতে বিচারকগণকে দিকনির্দেশনা প্রদান করেন।এছাড়া, দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো বিচারককে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। মামলা দ্রুত নিষ্পত্তি কীভাবে করা যায়, সে বিষয়ে মতামত তুলে ধরেন হাসান ফয়েজ সিদ্দিকী।
অনুষ্ঠানে তিন শতাধিক জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেন।