রাশিয়া বলছে ইউক্রেন তাদের দাবি মেনে নিতে পারে নতুবা রুশ সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে

বাখমুতে যুদ্ধ বিধ্বস্ত এলাকা দিয়ে একজন বাসিন্দা হেঁটে যাচ্ছেন। ২০ ডিসেম্বর ২০২২।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যে, ইউক্রেনে লড়াই কতদিন চলবে সেটি নির্ধারণ করা ইউক্রেনের সরকারের উপর নির্ভর করে।

দশ মাস আগে নিজেদের প্রতিবেশী দেশকে আক্রমণের মাধ্যমে রাশিয়া সংঘাতটি আরম্ভ করে। ল্যাভরফকে উদ্ধৃত করে ট্যাস সংবাদ সংস্থাটি বলেছে যে, ইউক্রেন “যে কোন মুহূর্তে অনর্থক প্রতিরোধ বন্ধ করতে পারে”।

ল্যাভরফ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডের “বেসামরিকীকরণ ও নাৎসীবাদ মুক্তকরণ” এবং রাশিয়ার অধিভুক্ত করার দাবি করা চারটি এলাকা সহ ইউক্রেন থেকে রাশিয়ার প্রতি হুমকির অবসানের বিষয়ে করা রাশিয়ার প্রস্তাবগুলো সম্পর্কে ইউক্রেন অবহিত আছে। ডনেটস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিঝিয়াকে অধিভুক্ত করার ঐ দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায় সন্দেহাতীতভাবে প্রত্যাখ্যান করেছে।

ল্যাভরফ আরও বলেন যে, ইউক্রেন যদি রাশিয়ার দাবিগুলো মেনে না নেয় তাহলে “রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে”।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যে রাশিয়া যেই যুদ্ধ আরম্ভ করেছে সেটি তারা যে কোন সময়ে নিজেদের সৈন্য প্রত্যাহার করে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠিত করার মাধ্যমে শেষ করতে পারে।

জেলেন্সকির সহকারী মিখাইলো পোডোলিয়াক মঙ্গলবার টুইটারে বলেন, “ব্যাপক সৈন্য সন্নিবেশ, হন্যে হয়ে গোলাবারুদের সন্ধান, ইরানের সাথে গোপন চুক্তি, ল্যাভরফের হুমকি – কোনকিছুই সাহায্য করবে না। রাশিয়াকে বাস্তবতার সম্মুখীন হতে হবে। ইউক্রেন শেষ পর্যন্ত আরএফ-কে বেসামরিকীকরণ করবে, দখল করা সব ভূখণ্ড থেকে দখলদারদের বিতাড়িত করবে।”