বিএনপি ঘোষিত ১০ দফার মূল দাবি সরকারের পতন: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাদের দলের ১০ দফার মূল দাবি সরকারের পতন। বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, “সরকার দেশকে যে পরিস্থিতিতে নিয়ে গেছে, সেখান থেকে দেশকে বাঁচাতে আমরা ১০ দফা ঘোষণা করেছি..আসলে ১০ দফার মূল পয়েন্ট হলো সরকারের পতন। এই সরকারের পতন ঘটাতে পারলে ১০ দফার সবগুলো পূরণ হবে।” তিনি আরও বলেন, “দেশের জনগণ ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হচ্ছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ উল্লেখ করেন যে ১০ দফা কোনো দলের দাবি নয়, জনগণের দাবি। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই রাস্তায় নামা ছাড়া জনগণের আর কোনো উপায় নেই। তিনি বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের সমস্যা সমাধানে সমাজের সর্বস্তরের জনগণ ও সব গণতান্ত্রিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অভিযানের নামে গত ১৫ দিনে সারাদেশে অন্তত ২৪ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন খন্দকার মোশাররফহোসেন। তিনি তার দলের মহাসচিব মির্জা ফখরুল-সহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানান।