অবৈধভাবে ১৩৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে, বাংলাদেশের এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে বুধবার (২৮ ডিসেম্বর) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সচিব মাহবুব হোসেন।
দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আনিস আহমেদ গোর্ক’র বিরুদ্ধে এই মামলা করেছেন বলে জানান সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, “মানি লন্ডারিং-সহ শত কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়, আনিস আহমেদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে কমিশন আদেশ জারি করেছে।”
সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, আনিস আহমেদ ২০০৮-২০০৯ থেকে ২০২১-২০২২ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে, ১৩৬ কোটি তিন লাখ টাকা আয়ের তথ্য দিয়েছেন। সম্পদের বিবরণী যাচাইয়ের সময় অভিযুক্তকে একজন নিয়মিত আয়করদাতা হিসেবে পাওয়া গেছে। কিন্তু, উল্লিখিত মোট আয়কে ২০২০-২১ কর বছরের আয়কর রিটার্নে বিনিয়োগ হিসাবে দেখানো হয়েছে।
দুদক জানায়, অভিযুক্ত আনিস আহমেদ ঘোষিত অর্থ বিনিয়োগ হিসেবে দেখানোর পক্ষে কোনো সন্তোষজনক রেকর্ড দেখাতে পারেননি। দুদক আরও বলেছে, আনিস অসৎ উদ্দেশ্যে, অসৎ উপায়ে অর্জিত এই অর্থের বৈধতা দিতে চেয়েছিলেন।
কর্মকর্তা বলেছেন, যেহেতু কমিশন তার বিরুদ্ধে ২০২০ সালের ফেব্রুয়ারিতে তদন্ত এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে, তাই পরে প্রণীত কোনো আইনী সুবিধা পাবেন না তিনি।