শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল

আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করবে বিএনপিসহ কয়েকটি দল ও জোট। তারা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালন করবে।

ঘোষণা অনুযায়ী, বিএনপি নয়া পল্টনে মিছিল করবে। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরেরপুল পানির ট্যাঙ্ক এলাকায় ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিংয়ে এলডিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট-এ মিছিল করবে শুক্রবার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করতে পারেন।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকায় শুক্রবার গণমিছিল কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপিসহ প্রায় ৩৩টি সমমনা রাজনৈতিক দল। এর আগে ২৪ ডিসেম্বর সব বিভাগীয় শহর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল কর্মসূচির কারণে, ঢাকার গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পুনঃনির্ধারণ করে বিএনপি।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান যে তাদের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমাদের দলের নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হবে এবং দুপুর ২টায় মিছিল বের করবে। জাহিদ আরও জানান যে তাদের মিছিল বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

তিনি বলেন, “এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত মিছিল করার অনুমতি পাওয়া গেছে।”

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, সকাল ১১টায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করবেন। ১২-দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, বিজয়নগর অভিমুখে মিছিল করতে দুপুর আড়াইটায় তাদের নেতাকর্মীরা ফকিরের পুলের পানির ট্যাঙ্কের কাছে সমবেত হবেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, দুপুর আড়াইটায় তারা পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু করবেন। এলডিপি ও জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, কোনো জোটে না থাকায় তারা আলাদাভাবে গণমিছিল কর্মসূচি পালন করবেন। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক জানান, দুপুর আড়াইটার দিকে এফডিসির কাছে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মিছিল বের করবেন।