মারা গেলেন যুক্তরাষ্ট্রে টেলিভিশনের পথপ্রদর্শক নারী সাংবাদিক বারবারা ওয়াল্টার্স

৯ এপ্রিল ২০০৮ তারিখে এবিসি’র ‘দ্য ভিউ’ এর উপস্থাপকদের অংশগ্রহণে এক প্যানেল আলোচনায় অংশ নিতে নিউইয়র্কের দ্য প্যালে সেন্টার ফর মিডিয়া-তে এসে পৌঁছাচ্ছেন বারবারা ওয়াল্টার্স। (ফাইল ফটো)

বারবারা ওয়াল্টার্স ৯৩ বছর বয়সে মারা গিয়েছেন বলে তার দীর্ঘদিনের কর্মস্থল এবিসি নেটওয়ার্ক শুক্রবার জানিয়েছে। ওয়াল্টার্স যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সবচেয়ে বেশি দৃশ্যমান নারীদের একজন ছিলেন, যিনি সান্ধ্যকালীন সংবাদ সম্প্রচারের প্রথম নারী উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন এবং টেলিভিশনের বিশিষ্টতম সাক্ষাৎকার গ্রহীতাদের একজন ছিলেন।

ওয়াল্টার্স ১৯৯৭ সালে এবিসি-তে নারীদের জনপ্রিয় টকশো ‘দ্য ভিউ’ অনুষ্ঠানটি তৈরি করেছিলেন। এবিসি’র কর্পোরেট মালিকানা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কো. এর প্রধান নির্বাহী রবার্ট ইগের টুইটারে জানান যে, ওয়াল্টার্স শুক্রবার নিউইয়র্কে নিজের বাসায় মারা যান।

সম্প্রচার মাধ্যমে পাঁচ দশকব্যাপী কর্মজীবনে ওয়াল্টার্স বহুসংখ্যক বিশ্বনেতার সাক্ষাৎকার গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন কিউবার ফিদেল ক্যাস্ট্রো, ব্রিটেনের মার্গারেট থ্যাচার, লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ফার্স্ট লেডি প্যাট নিক্সন এর সময় থেকে যুক্তরাষ্ট্রের সকল প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

এবিসি জানিয়েছে, ওয়াল্টার্স ১২টি এমি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে ১১টিই তিনি পান এবিসি নিউজ-এ কর্মরত থাকার সময়ে।

ওয়াল্টার্স একজন লেখক ও সেগমেন্ট প্রডিউসার হিসেবে এনবিসি’র ‘দ্য টুডে শো’ দিয়ে ১৯৬০ এর দশকে তার সাংবাদিকতার কর্মজীবন আরম্ভ করেন। যুক্তরাষ্ট্রের সান্ধ্যকালীন সংবাদ সম্প্রচারে প্রথম নারী সহ-উপস্থাপক হিসেবে তিনি ইতিহাস রচনা করেছিলেন। অনুষ্ঠানটিতে তার সহ-উপস্থাপক ছিলেন হ্যারি রিজনার।