বাংলাদেশের ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২-এর উদ্ধার কাজ শেষ হয়নি। ডুবে যাওয়ার এক সপ্তাহ পর ৭০ ভাগ উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল । রবিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিকে দুটি বার্জ ও একটি জাহাজের সাহায্যে পানির নিচ থেকে টেনে তোলা হয়।
উদ্ধারকারী দল আট দিন কাজ করে রবিবার জাহাজটিকে দৃশ্যমান করতে সক্ষম হয়েছে। উদ্ধার কাজ শেষ করে, দুর্ঘটনা কবলিত জাহাজটি নারায়ণগঞ্জ ডকে নিয়ে মেরামত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দুটি উদ্ধারকারী বার্জ জোহুর ও হুমায়ারা এবং কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র ডুবুরির সমন্বয়ে গঠিত টিম উদ্ধার কাজে শুরু করে।
এরপর উদ্ধারকারী বার্জ জাহাজ জোহুর ও হুমায়ারা দিয়ে টেনে তোলা হয় জাহাজটি। এতে ১১ লাখ ৫০ হাজার ডিজেল ও অকটেন ছিল। জাহাজটি পুরোপুরি উত্তোলনের পর জানা যাবে জাহাজে এখনও কি পরিমাণ তেল রয়েছে।
উদ্ধার হওয়ার পর দুর্ঘটনা কবলিত জাহাজের সব তেল অপসারণ করে, সাগর বধূ-৩ জাহাজের সাহায্যে নারায়ণগঞ্জ ডকে নিয়ে মেরামত করার কথা জানালেন বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. আব্দুস ছালাম। বর্তমানে জাহাজটি থেকে জ্বালানি তেল অপসারণ করে অপর একটি ট্যাংকার সাগর নন্দিনী-৩ এ নেওয়া হচ্ছে। এ ছাড়া আরেকটি ট্যাংকারতে পাশে প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দশ্যে যাচ্ছিল পদ্ম ওয়েল কোম্পানির সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজ। ঘন কুয়াশার কারণে জাহাজটি ভোলার তুলাতলী মাঝে চর পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।