পোপ ইমেরিটাস বেনেডিক্টের মৃত্যুর আগে শেষ কথা

পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বসে থাকতে দেখা যাচ্ছে। সে সময় তিনি পবিত্র বছরের সূচনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ৮ ডিসেম্বর, ২০১৫। ফাইল ছবি।

ভ্যাটিকান নিউজ ওয়াবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কিছুক্ষণ আগে পোপ ইমেরিটাস বেনেডিক্টের উচ্চারিত শেষ কথা ছিল, “প্রভু, আমি তোমাকে ভালোবাসি।”

অবসরপ্রাপ্ত পোপের ব্যক্তিগত সচিব আর্চবিশপ জর্জ গ্যানসওয়েইন বলেছেন, সেই সময় বেনেডিক্টের সাথে শুধু একজন নার্স ছিলেন।

গ্যানসওয়েইন বলেছেন,“আমি ওই মুহূর্তে সেখানে ছিলাম না, তবে নার্স কিছুক্ষণ পরেই আমাকে এ সম্পর্কে বলেছিলেন।” “এগুলো ছিল তাঁর শেষ বোধগম্য শব্দ, এর পরে তিনি আর কিছু বলতে সক্ষম হননি। ”

বেনেডিক্টের মরদেহ সোমবার থেকে বুধবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা থাকবে এবং বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

বেনেডিক্টের আসল নাম ছিল জোসেফ র‍্যাটজিঙ্গার। ৬ শ বছরের মধ্যে তিনি প্রথম পোপ যিনি তাঁর ভ্যাটিকান পদ থেকে পদত্যাগ করেন। অবসরপ্রাপ্ত পোপ প্রায় ১০ বছর ধরে ভ্যাটিকানে দেয়ালের অন্তরালে বসবাস করেছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।