মালাউইতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আইনজীবীরা কলেরার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখার জন্য দুটি শহরে স্কুল বন্ধ করার সরকারী সিদ্ধান্তের সমালোচনা করছেন।
করোনাভাইরাস এবং কলেরা সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্স সোমবার এক বিবৃতিতে বলেছে যে রাজধানী লিলংওয়ে এবং বাণিজ্যিক কেন্দ্র, ব্লানটায়ারের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্থগিতাদেশ প্রযোজ্য।
টাস্কফোর্সের কো-চেয়ারপার্সন এবং মালাউইয়ের স্বাস্থ্যমন্ত্রী খুম্বিজ কান্দোডো চিপোন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যে দুটি শহরে কলেরা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার পর্যন্ত, নোংরা পানির মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াজনিত রোগটি মার্চ মাসে শুরু হওয়ার পর থেকে ১৮,২২২ জন আক্রান্ত হয় এবং ৬২০ জনেরও বেশী মানুষ মারা যায়।
স্কুলগুলি খোলা থাকলে ছাত্রদের এবং অন্যদের নিরাপত্তার জন্য আশঙ্কা প্রকাশ করেছেন চিপন্ডা। তিনি বলেন, মাত্র সাত দিনে, ব্লান্টারে ৩৬ জনের মৃত্যু এবং ৭৯২ জনের সংক্রমণ রেকর্ড করা হয়েছে এবং লিলংওয়েতে ৫৩৬ জনের সংক্রমণ এবং ৩৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
তবে মালাউইয়ার শিক্ষা ও স্বাস্থ্য অধিকারের পক্ষের লোকজন বলছেন যে স্থগিতাদেশের সময়টি ছিল ভুল।
মালাউইয়ের প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের ট্রাস্টি হেস্টিংস মোলোকো সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন যে ২৮টি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে মাত্র দুটিতে শিক্ষা স্থগিত করার কোনও যুক্তি নেই।
তিনি বলেন, "এটি ঠিক নয়। ব্লানটায়ার এবং লিলংওয়ের স্কুলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু শিক্ষার্থী যখন শিখছে না, দেশের অন্য সব জায়গার শিক্ষার্থীরা শিখছে। এবং তবুও এই শিক্ষার্থীরা ঠিক একই সময়ে, ঠিক একই পরীক্ষায় বসবে। তাই, ব্লানটায়ার এবং লিলংওয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচী সম্পন্ন করার জন্য সময়ের দিক থেকে সুবিধাবঞ্চিত হবে।"
মোলোকো বলেন, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে কলেরা বাড়ির চেয়ে স্কুলে বেশি ছড়ায়।
কলেরা হল একটি তীব্র ডায়রিয়ার সংক্রমণ যা ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা জল খাওয়ার ফলে হয়। এই রোগটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়কেই প্রভাবিত করে এবং যদি চিকিত্সা না করা হয় তবে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে।
মালাউইয়ের শিক্ষামন্ত্রী অ্যাগনেস নিলোঞ্জে বলেছেন, এই দুটি কলেরা হটস্পট জেলায় শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, " বিষয়টি হচ্ছে, জীবনের সুরক্ষা এবং শেখার ধারাবাহিকতার মধ্যে একটি ভারসাম্য নিয়ে আসা। আমাদের কাছে এমন তথ্য রয়েছে যা দেখায় যে বর্তমানে সমস্ত স্কুল জুড়ে, আমাদের ১২৬২টি বোরহোল বা জল সরবরাহের অভাব রয়েছে এমন স্কুলগুলিতে জল সরবরাহের প্রয়োজন। এবং আমরা বলছি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং স্কুলের স্বাস্থ্যবিধি একসাথে চলতে হবে।"