ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার বলেছে, পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত একটি শহরে একটি সামরিক ব্যারাকে ইউক্রেনের হামলার ভয়াবহতা আরো বৃদ্ধি পেয়েছে কারণ রাশিয়ার সৈন্যরা যেখানে অবস্থান করছিল তার কাছাকাছি গোলাবারুদ মজুদ ছিল।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক আরও বলেছে যে, ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে রাশিয়ার বিপজ্জনক ভাবে গোলাবারুদ মজুদ করার ইতিহাস ছিল। “কিন্তু এই ঘটনাটি তুলে ধরে যে, কীভাবে অপেশাদার অনুশীলনসমূহ রাশিয়ার উচ্চ হারে হতাহতের কারণ হতে পারে।”
বুধবার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে, তাদের সেনাদের মোবাইল ফোনের “ব্যাপক ব্যবহার” ১ জানুয়ারির হামলার দিকে অন্যপক্ষকে পরিচালিত করেছে।
সোমবার ইউক্রেন মাকিভকায় হামলার দায় স্বীকার করেছে। রাশিয়ার বাহিনী শহরটিকে নিয়ন্ত্রণ করে। একটি স্কুলকে তারা সামরিক কোয়ার্টারে পরিণত করেছিল।
এএফপি অনুসারে, রাশিয়ার সমর সংবাদদাতারা বলেছেন, মাকিভকা কোয়ার্টারে বেশিরভাগ সৈন্যকে সেখানে নতুন আনা হয়েছে। তারা আরও বলেছে, সৈন্যরা একটি অরক্ষিত বিল্ডিং-এ অবস্থান করছিল। সেটি ধ্বংস হয়ে গেছে। কারণ প্রাঙ্গণে সঞ্চিত গোলাবারুদ আক্রমণের সময়ে বিস্ফোরিত হয়েছিল।
মঙ্গলবার সামারার ভলগা অঞ্চলের বেশ কয়েকটি শহর যেখান থেকে কিছু পরিষেবার লোকজন এসেছিল সেখানে শোকার্ত লোকজন জড়ো হয়েছিল।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার রাতের ভিডিও ভাষণে বলেন, তার দেশের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে। তিনি গত দুইদিন ধরে দাবি করেছেন যে, তিনি রাশিয়ার একটি নতুন আক্রমণের পরিকল্পনা দেখতে পাচ্ছেন।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়স হয়েছে।