এক ইসরাইলি সেনাকে অপহরণ ও হত্যার দায়ে অন্যতম সর্বোচ্চ সময় ৪০ বছরের সাজা ভোগ করার পর বৃহস্পতিবার ইসরাইলে, ফিলিস্তিনি বন্দীদের মধ্যে একজন মুক্তি পেয়েছেন।
করিম ইউনিস তাঁর বাড়ি উত্তরের আরার গ্রামে ফেরার সময় শত শত সমর্থক তাকে অভ্যর্থনা জানায়।
ইউনিস বলেন, “৪০ বছর বন্দীদের গল্পে পরিপূর্ণ এবং প্রতিটি গল্পই একটি জাতির গল্প। যারা ফিলিস্তিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের একজন হতে পেরে আমি গর্বিত। ফিলিস্তিনের স্বার্থে আমরা আরও বেশি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলাম”।
ইউনিসকে ১৯৮৩ সালে ইসরাইলি অধিকৃত গোলান হাইটসে সৈনিক আভ্রাহাম ব্রমবার্গকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
তার মুক্তির আগে, ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিহ ডেরি একটি চিঠিতে লিখেছেন, ইউনিসের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। এই পদক্ষেপটি "যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতীক হয়ে উঠেছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হতো ।”
বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দু'জনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর সময় তাদের উপর বন্দুকধারীরা গুলি চালানোর পরই সৈন্যরা পাল্টা গুলি চালায়।
এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্স ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেয়া।