বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে, একই সময়ে নতুন করে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন ২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২০ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৭৬ জন রোগী বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে, ৬২ জন ঢাকায় এবং ১১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩৯ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬৮ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৫ জন বিভিন্ন জেলার বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।