ইভিএম প্রকল্প পাস না হলে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে: কমিশনার রাশেদা সুলতানা

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। ৮ জানুয়ারি, ২০২৩।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, “ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প জানুয়ারির মাঝামাঝি পাস না হলে, আগামী সাধারণ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।” রবিবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “ইভিএমের নতুন স্কিম জানুয়ারির মাঝামাঝি পাস না হলে, এই মেশিন ১৫০টি (সংসদীয়) আসনে ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে, নির্বাচন কমিশনকে ব্যালট পেপারে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করতে হবে।নির্বাচন কমিশন এর আগে ১৫০ টি আসনের জন্য ইভিএম সংগ্রহ ও ব্যবহার করতে সরকারের কাছে ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছিল। সেই প্রস্তাব এখনও পাস হয়নি।”

কমিশনার বলেন, “ইভিএম প্রকল্পের তেমন অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। আমরা বলেছিলাম যে প্রকল্পের তহবিল প্রাপ্তি সাপেক্ষে আমরা সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করব। যদি সময় মত আসে, তাহলে ভালো। না হলে আমাদের যা আছে তাই করব। আমাদের ৭০ থেকে ৮০ টি আসনে ইভিএম ব্যবহার করার ক্ষমতা আছে।”

কমিশনার রাশেদা সুলতানা জানান, তারা এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়) সঙ্গে কথা বলেননি এবং এটা নিয়মও নয়। এ বিষয়ে কেবল ইসি সচিবালয়ে আলোচনা হতে পারে।