এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর তারা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতা। কারা ফটকে বিএনপির নেতাকর্মী ও দুই দলের শীর্ষ নেতাদের স্বজনরা তাদের স্বাগত জানান।”

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার হন। পরে তাদের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ আপিল করলে হাইকোর্ট-এর আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।