বাংলাদেশে এক কোটি নিম্ন-আয়ের পরিবারের কাছে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে সারাদেশে এক কোটি নিম্ন-আয়ের পরিবারের জন্য ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পন্য বিক্রি শুরু করছে। প্রতিষ্ঠানটির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে কার্ডধারী এক কোটি পরিবার এই উদ্যোগ থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে।

একটি কার্ডের বিপরীতে, ৬০ টাকা কেজি দরে চিনি, ৭০ টাকায় মসুর ডাল ও লিটার প্রতি ১১০ টাকা দরে সয়াবিন তেল যথাক্রমে সর্বোচ্চ এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কেনা যাবে।

কার্ডধারীরা টিসিবির স্থানীয় পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন।