বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জানিয়েছে যে দেশের বিভিন্ন অংশের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় এর তীব্রতা হ্রাস পেতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, রাজশাহী ও রংপুর বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

৮ থেকে১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। শুক্রবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে যে নদী অববাহিকায মাঝারি থেকে ঘন কুয়াশা ঢেকে যেতে পারে এবং অন্যান্য এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশাপাত দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।