যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে এবং অর্থনৈতিক সম্প্রসারণ এবং শ্রম ও মানবাধিকারের বিষয়ে কথা শুনতে তার এই ঢাকা সফর। শনিবার ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) নায়েম উদ্দিন আহমেদ, ডোনাল্ড লু কে স্বাগত জানান।
ঢাকায় সংক্ষিপ্ত অবস্থানকালে অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট লু বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করবেন। রবিবার (১৫ জানুয়ারি) সকালে বাংলাদেশর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার প্রাতঃরাশ বৈঠকের কথা রয়েছে।
অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট লু রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। আলোচনায় জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার-সহ বিভিন্ন অগ্রাধিকারের বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস টুইট করে বলেছে “বাংলাদেশে স্বাগতম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু। ঢাকায় থাকাকালীন, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট লু আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।”
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভারত সফর করেছেন।