হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি জানান, “বিএনপি মহাসচিব হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক কারাগারে থাকাকালে তার এই জটিলতা আরও বেড়েছে।”

গতবছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবছরের ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেপ্তাররের পর তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিলো।