নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১৫ জানুয়ারি) নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড এর কাছে লেখা এক শোকপত্রে শেখ হাসিনা বলেন, “নেপালের পোখারায় দুঃখজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, “গভীর শোকের এই মুহুর্তে আমাদের সমবেদনা ও প্রার্থনা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর সঙ্গে থাকবে, যারা তাদের পরিবারের প্রিয় সদস্য ও বন্ধুদের হারিয়েছেন। প্রার্থনা করি যাতে নেপালের শোকাহত জনগণ এই অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারেন। আমরা বিদেহী আত্মার শান্তি কামনার প্রার্থনা করি।”
উল্লেখ্য যে, মধ্য নেপালের শহর পোখারায় একটি ৭২ আসনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হলে, অন্তত ৬৮ জন নিহত হয়। রবিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান। নেপালের কাস্কি জেলার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা তেক বাহাদুর কে.সি. বলেন, “উদ্ধারকারীরা পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত স্থানটি অনুসন্ধান করছে এবং আরও মৃতদেহ খুঁজে পাওয়ার আশঙ্কা করছে।”
ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল।
পোখারা শহর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।