প্রস্তাবিত ঋণ নিয়ে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের আলোচনা

বাংলাদেশে সফররত আইএমএফ -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহ।

বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আইএমএফ-এর কাছ থেকে ৪৫০ কোটি ডলারের ঋণের অনুরোধ নিয়ে আলোচনা করেছে। আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহ।

রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো.মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে গভর্নর আবদুর রউফ, ডেপুটি গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

মেজবাউল হক বলেন, “বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ-সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আইএমএফ প্রতিনিধিদল কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে।” বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাববেলায় নেওয়া পদক্ষেপ-সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ বৈঠকে তুলে ধরা হয়েছে।তবে, বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি।”

মেজবাউল বলেন যে আইএমএফ থেকে ঋণ পেতে কোন সমস্যা হবে না। আইএমএফ-এর ৩১ জানুয়ারির বোর্ড সভায় ঋণ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ক্রমহ্রাসমান রিজার্ভ মোকাবেলা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, আইএমএফের কাছে ঋণের অনুরোধ করে বাংলাদেশ। আইএমএফ ঋণের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

আলোচনায় যুক্ত বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আইএমএফ বোর্ড চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে। ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারির শুরুতে পাওয়া যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশের ঋণের অনুরোধের বিষয়ে আরও আলোচনা করতে শনিবার আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় এসেছে।