চট্টগ্রামে ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা

ওয়ার সিমেট্রি পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

চট্টগ্রামে অবস্থিত কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) তার চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তিনি ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন।

এসময়, চট্টগ্রাম সফররত ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা তার সঙ্গে ছিলেন। এই কবরস্থানে প্রাথমিকভাবে ৪০০টি কবর ছিল। পরে, আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে এখানে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে। এর মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়।

এই কবরস্থানে রয়েছে চিটাগাং মেমোরিয়াল। এই মেমোরিয়াল, বোম্বেতে অবস্থিত বোম্বে (১৯৩৯-১৯৪৫) ওয়ার মেমোরিয়ালের সঙ্গে সম্মিলিতভাবে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও প্রাক্তন ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ছয় হাজার নাবিককে স্মরণ করে। এই নাবিকরা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিখোঁজ হন।