বিরোধী দলের সভা-সমাবেশে পুলিশ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এখন ১০ দফা দাবি আদায়ে আন্দোলন করছে। আমাদের কর্মসূচিতে যোগদানকারী নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছেন।”
মঙ্গলবার (১৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, “সোমবার (১৬ জানুয়ারি) তাদের ১০ দফা দাবি আদায়ে এবং বিদ্যুতের শুল্ক ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে, দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করার সময় পুলিশ হামলা করেছে, নির্যাতন চালিয়েছে ও বাধা দিয়েছে।”
প্রিন্স বলেন, “বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি সরকারের প্রতি দমন-পীড়ন বন্ধ করে রাজনীতির স্বাভাবিক পথ খোলার আহ্বান জানান।