বাংলাদেশে শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশের বিভিন্ন জেলায় বিরাজ করছে শৈত্যপ্রবাহ। সারাদেশেই অনুভূত হচ্ছে শীত। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে আগেরে ২৪ ঘণ্টায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়, চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হিম হাওযা এবং ঘন কুয়াশায়, শ্রীমঙ্গলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেককে সড়কের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন না থাকলে ঘর থেকে বের হচ্ছে না মানু। জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, “মৌলভীবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। রোগীদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া, নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং অন্যান্য অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া বিভাগ আরও জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য যে, বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষিতে, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হালকা শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।