ঢাকা-বেইজিং সহযোগিতার দ্বার এখন আরও বিস্তৃত: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীনা নববর্ষ (বসন্ত উৎসব) উদযাপনের সময় বাংলাদেশে চীনের নব-নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ২০ জানুয়ারি, ২০২৩।

বাংলাদেশে চীনের নব-নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে বিপুল সম্ভাবনা ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার দ্বার এখন আরও বিস্তৃত। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ঢাকার একটি হোটেলে চীনা নববর্ষ (বসন্ত উৎসব) উদযাপনের সময় তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আসুন আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য হাত মেলাই এবং চীন-বাংলাদেশ সহযোগিতার দৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের প্রচার করি।”

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুই দেশের মানুষের সঙ্গে মানুষের এবং সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কূটনৈতিক সম্পর্কের চেয়ে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগের ইতিহাস অনেক পুরানো।”

চীনা রাষ্ট্রদূত বলেন, “চীনা নববর্ষ সম্প্রীতি ও সহযোগিতার উৎসব। চীনা ঐতিহ্যের মধ্যে সম্প্রীতি গভীরভাবে প্রোথিত। এ কারণেই চীনা জনগণ সম্পর্ক বজায় রেখে সর্বদা সম্প্রীতির মূল্য দিয়েছে।”

“চীন সরকারের ঘোষিত নতুন নীতির কারণে, চীন ভ্রমণ অনেক সহজ হবে এবং ফেব্রুয়ারি থেকে আরও ফ্লাইট চালু হবে;” জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।