মানবতাবিরোধী অপরাধ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; মোখলেসুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। দণ্ডপ্রাপ্তদের সকলেই পলাতক।

এর আগে, এই মামলার রায় ঘোষণার জন্য সোমবার দিন ঠিক করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, এ মামলায় মোট ৯জন অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন দু’জন। কারাগারে থাকা দু’জন ও পলাতক একজনসহ মোট তিনজন মারা গেছেন। বাকি ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়। ২০১৮ সালের ১২ জুলাই দাখিল করা হয় এসব অভিযোগ। এরপর একই বছরের ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম।সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি। মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) রাষ্ট্রপক্ষের মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এরপর, ২০২০ সালের ৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শেষে, রাষ্ট্র ও অভিযুক্ত পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যা শেষ হয় গত ৫ ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে, মামলায় রায় ঘোষণার জন্য সিএভি (অপেক্ষমাণ) রাখেন আদালত। এর আগে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। একই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. আনিছুর রহমান মানিকসহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়।