ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। (ফাইল ছবি)

বর্তমান বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা আইনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “যে কারণে এ আইন করা হয়েছে, তা কেউ বলে না। শুধু বলা হয় বাক-স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য এ আইন করা হয়েছে, যা মোটেও সঠিক নয়।”

শনিবার (২৮ জানুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

“আইন হলে তার কিছু অপব্যবহার হয়, এটা স্বাভাবিক;” উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনকে পাশ কাটিয়ে কিভাবে অপরাধ করা যায়, সে ব্যাপারেও চেষ্টা হবে। কারণ অপরাধীরা সবসময় একধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। পুলিশ ও আইন প্রণেতাদের এখন প্রকৃত অপরাধীদের থেকে দুই ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে।”

ডাটা সুরক্ষা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন,“ আগে আইন প্রণয়ন করার জন্য অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ করা হতো না। এখন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইন তৈরি করা হয়। অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ করেই ডাটা সুরক্ষা আইন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

আইনমন্ত্রী আরও বলেন, “এখন আমরা গ্লোবাল সিটিজেন হয়েছি। আবার বর্তমানে অনেক অপরাধও ট্রান্স বর্ডার হয়েছে। এসব অপরাধকে মোকাবেলা করার জন্য মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশ এ আইন প্রণয়ন করেছে।”