বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন যে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আটটি বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে।
তিনি জানান, প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করা হয়েছে। ইকুইপমেন্ট ও নিরাপত্তা সামগ্রীর মান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনে করা হয়েছে। এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন হবে এ বছরের অক্টোবর মাসে। বর্তমানে প্রকল্পের ৭০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।”
তিনি বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (প্রথম পর্যায় প্রকল্প) বাস্তবায়ন হলে বিমানবন্দরে যাত্রী হ্যান্ডেলিং ক্যাপাসিটি ১০ লাখ থেকে ২২ লাখে দাঁড়াবে। কার্গো হ্যান্ডেলিং দুই লাখ ২০ হাজার টন থেকে সাত লাখ টনে উন্নীত হবে।”
প্রকল্প সূত্রে জানা যায়, সিলেটের ওসমানী বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়, রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি ৪১ পিসিএন থেকে ৯০ পিসিএনে উন্নীত করা হচ্ছে। কাজের ৯৯ শতাংশ শেষ হয়েছে। এটি বাস্তবায়ন হলে এই বিমানবন্দরে পুরো দমে বোয়িং-৭৭৭ উড়োজাহাজ অবতরণ করতে পারবে। ইতোমধ্যেই এই রুটে লন্ডন-সিলেট ফ্লাইট চালু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়-তৃতীয় সংশোধনী) প্রকল্পের আ্ওতায় বিমানবন্দরের রানওয়ে ছয় হাজার ৭৭৫ ফুট দৈর্ঘ্যকে ৯ হাজার ফুটে উন্নীত, সোল্ডারসহ ১৫০ ফুট প্রস্থকে ২০০ ফুটে উন্নীত করা এবং রানওয়ে লাইটিং ব্যবস্থার উন্নতি করা হচ্ছে।
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ ও বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক সেবা প্রকল্পটির ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি বাস্তবায়ন হলে ফুল লোডেড বোয়িং ৭৭৭ বিমান রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। প্রকল্পের আওতায় রানওয়ের শক্তি (পিসিএন) ৬৬ থেকে ৯১-তে উন্নীত হবে।
সৈয়দপুর বিমানবন্দরে নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন। এই প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এই বিমানবন্দরকে রিজিওনাল বিমানবন্দরে উন্নীত করার জন্য ৮৫১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজশাহী এবং যশোর বিমানবন্দরের সম্প্রসারণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।