মানবাধিকার রক্ষায় সহযোগিতা করবে সরকার: আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন যে মানবাধিকার রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আর, মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা । এসময় আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, “শুধু এ কমিশন নয়, যে মানবাধিকার রক্ষায় কাজ করবে, সরকার তাকেই সহায়তা করবে।” তিনি বলেন, “দেশের ৮০-৮৫ ভাগ মানুষ যেখানে বসবাস করে, সেখানে এখনো জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছাতে পারেনি।” আইনমন্ত্রী শিশু ও পিঁছিয়ে পরা জনগোষ্ঠীর অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গ্রাম এলাকা ও তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষ এখনও তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়।”

“এসব মানুষকে সচেতন করতে হবে এবং কমিশনকে সফল হতে হলে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।এজন্য উপজেলা পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও শিশুদের রচনা প্রতিযোগিতা এবং অন্যান্য প্রচার কার্যক্রম বাড়াতে হবে; পরামর্শ দেন আইনমন্ত্রী।

কোন মানবাধিকার লঙ্ঘনের অনুসন্ধানের তথ্য কমিশন পাওয়া মাত্র সরকারকে জানানোর পরামর্শ দেন আইনমন্ত্রী।