বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে পাঁচ জন ঢাকায় এবং বাকি ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৬ জন ঢাকায় এবং ২৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৪ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২৪৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৬৭ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।