নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও

নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও

বাংলাদেশের নারায়ণগঞ্জে চলছে গ্যাস সংকট। গ্যাসের অভাবে রান্নার কাজ প্রায় বন্ধ থাকছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে, আবাসিক এলাকায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অফিসের প্রধান ফটকের সামনে ঘেরাও কর্মসূচি এবং মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। এ সময় তিতাস কর্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমেদ বলেন, “আমরা আমাদের অধিকার চেয়েছি, কারও দয়া চাইনি। বৈশ্বিক পরিস্থিতির কথা বলে আমাদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আপনারা প্রয়োজনে আপাতত ভোর থেকে দুপুর পর্যন্ত আবাসিক চুলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন। দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রেখে, রাত ১১টা পর্যন্ত সচল রাখেন।”

তিনি বিদ্যুতের মতো গ্যাস সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন; নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও পপি রানি সরকার ।