পাঠ্যবই নিয়ে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই—শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে একশ্রেণীর অপশক্তি পাঠ্যবইয়ে যে তথ্য নেই, সেই তথ্য আছে বলে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “আমাদের যদি ভুল থাকে ভুল স্বীকার করে সংশোধন করব। ইতিমধ্যে যেখানে ভুল দেখা গেছে, তখনই দায়িত্বশীলদের দিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে। নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল থাকতে পারে। এগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। যখনই ভুলগুলো চিহ্নিত হবে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে”।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) যশোর জেলায় শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৬ দিনব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, “বইয়ে যে তথ্য নেই, সেই তথ্য নিয়ে মিথ্যাচার করছে একটি অপশক্তি। তারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। যারা মিথ্যাচার করছে সেই অপশক্তিদের আমরা প্রতিহত করব ঐক্যবদ্ধ থেকেই”।

এ সব মিথ্যা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

দীপু মনি বলেন, “আমাদের অনেক লক্ষ্য রয়েছে। ২০৩০ সালে উন্নত সম্মৃদ্ধ, টেকসই বাংলাদেশ গড়ার। দেশ গড়বার জন্য যেমন সম্ভাবনা রয়েছে তেমনি চ্যালেঞ্জও রয়েছে। সম্ভাবনাকে সম্ভব করতে সকল চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে। সেই তৈরি হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে”।

তিনি বলেন, “তারা যেন সুস্থ ধারায় সুন্দর মন নিয়ে কর্মের লক্ষে এগিয়ে যেতে পারে, তারই অংশ হিসেবে বিগত শিক্ষাব্যবস্থাকে রুপান্তর করা হয়েছে। নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা জ্ঞানের দক্ষতা বৃদ্ধি, চিন্তা করবার দক্ষতা, সমসাময়িক বিষয়ে সমাধানের দক্ষতা অর্জন করতে পারবে”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব।