বেলজিয়ামের রানী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছেন

বেলজিয়ামের রানী মাথিল্ডে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশ সফরের সময় বেলজিয়ামের রানী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়াও তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোও পরিদর্শন করতে পারেন।