অমর একুশে বইমেলা: স্টল বরাদ্দ না দেওয়ায় রিট করেছে আদর্শ প্রকাশনী

অমর একুশে বইমেলা

আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান এক রিটে অমর একুশে বইমেলায় স্টল না দিতে দেওয়ার বাংলা একাডেমির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টে দায়ের করা এই রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়। আবেদনকারীর আইনজীবী অনিক আর হক বলেন, “আগামী সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।”

যত দ্রুত সম্ভব প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দিতে আদালতের নির্দেশনা চেয়েছেন আবেদনকারী। মেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি বরাদ্দের তালিকা প্রকাশ করে, যেখানে আদর্শ প্রকাশনীর নাম বাদ দেওয়া হয়।

পরে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নিয়ে আপত্তি রয়েছে বলে জানতে পারে আদর্শ প্রকাশণী।

রিটে বলা হয়, কর্তৃপক্ষ প্রকাশনা সংস্থাকে মেলায় অংশ নিতে না দেওয়ার কারণ হলো এমন একটি বই যা নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত নয়। সুতরাং, বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী এই সিদ্ধান্ত অবৈধ। এছাড়া এটি বাক স্বাধীনতার পরিপন্থী।