বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

বাংলাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২-এর ফলাফলে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনেও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

দেশের ৯টি শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিটিতেও একই চিত্র। প্রতিটি বোর্ডেই ছাত্রদের চেয়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে ছাত্রীরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি।

ফলাফলে দেখা যায়, এ বছর অংশগ্রহণকারী মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৯ হাজার ৫২২ এবং ছাত্রী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫।

তাদের মধ্যে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ ছাত্র এবং ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন। এর মধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র ও ৯৫ হাজার ৭২১ ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।