রংপুর জেলার পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে উসকানিমূলক পোস্ট দেওয়ার মামলায় হিন্দু ধর্মাবলম্বীর পরিতোষ সরকার নামে এক যুবককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক ড. মো. আবদুল মজিদ এই রায় দেন।
এ সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পরিতোষ সরকারকে চারটি ধারায় এক বছর, দুই বছর, তিন বছর ও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
তবে সকল সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।
এদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।
২০২১ সালের ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।