বিএনপির যুব সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি গ্রেপ্তার

যুবদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শামীম মোল্লা একই এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, ২০১৬ সালে এক নাশকতার মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় ১৫টি মামলা রয়েছে।

এদিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা শহরের পাওয়ার হাউস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ জানায় বলেও জানান ওসি মো. এমরানুল ইসলাম।